দুর্গাপূজায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের

দুর্গাপূজায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের

উত্তরদক্ষিণ। বুধবার (১৭ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট ২১:২০

দুর্গাপূজায় কেউ যাতে নাশকতা সৃষ্টি না করতে পারে, সেজন্য দলীয় নেতাকর্মীসহ জনসাধারণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ আহ্বান জানান।

তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন চক্রান্ত, ষড়যন্ত্র, নাশকতা সৃষ্টি করতে না পারে— সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সমমনা দল ও আপামর জনগণকে সজাগ থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি. যাতে শান্তি ও সহাবস্থানের মধ্য দিয়ে দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের সারা দেশের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।

ফখরুল বলেন, একইসঙ্গে ‘হিন্দু সম্প্রদায়ের মানুষেরা সমান স্বাচ্ছন্দ্যে, সমান উৎসাহে নিরাপত্তা সহকারে পূজার আনন্দ যাতে নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারেন, সেক্ষেত্রে তাদের সহযোগিতা করার জন্য’ বাংলাদেশের অন্যান্য ধর্মীয় সম্প্রদায় ও বিএনপির সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহবানও জানান বিএনপি মহাসচিব।

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রাক্কালে হিন্দু সম্প্রদায়ের অভিনন্দন জানিয়ে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘‘একটি জাতিগোষ্ঠীর যেকোনও সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সব সম্প্রদায়ের মধ্যে আনন্দময় শুভেচ্ছাবোধে উদ্দীপ্ত করে। বাংলাদেশেও যুগ যুগ ধরে মহিমান্বিত মর্যাদায় শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে।”

‘কখনও কখনও স্বার্থান্বেষী মহল হীন স্বার্থে একটি দেশে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস ও ভরসার ভিত্তিকে দুর্বল করার চেষ্টা করে। সুদূরপ্রসারী চক্রান্তের মাধ্যমে একটি জাতির ভেতরে সাম্প্রদায়িক বিভাজন রেখা টেনে অরাজক পরিস্থিতি তৈরি করে। অবিশ্বাস এবং আস্থার বিষাক্ত বীজ বপন করে অসৎ রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে।”

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading