যাত্রীবেশে রিকশায় উঠে চালককে কুপিয়ে হত্যা করে দুই ছিনতাইকারী

যাত্রীবেশে রিকশায় উঠে চালককে কুপিয়ে হত্যা করে দুই ছিনতাইকারী

উত্তরদক্ষিণ। বুধবার (১৭ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট ২৩:০০

ঢাকার কামরাঙ্গীরচরে ছিনতাইকারীদের হাতে ব্যাটারিচালিত অটোরিকশার চালক আকরাম হোসেন খুনের ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার চকবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মো. জীবন (২১) ও মো. আশিক (২২)।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আকরাম হোসেন ব্যাটারিচালিত রিকশায় দুজন যাত্রীকে নিয়ে ১১ সেপ্টেম্বর রাত তিনটার দিকে কামরাঙ্গীরচরের মুন্সিহাটি মুড়ির ফ্যাক্টরির সামনে পৌঁছান। এ সময় যাত্রীবেশী ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে দেড় হাজার টাকা ছিনিয়ে নেয় এবং রিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। আকরাম বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তাঁর ঘাড়ের ডান পাশে ও পিঠে আঘাত করে ছিনতাইকারীরা। আকরামের চিৎকারে আসামিরা পালিয়ে যায়। আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওই দিন সন্ধ্যায় আকরাম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আকরামের ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় মামলা হলে কামরাঙ্গীরচর থানা-পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের চিহ্নিত করে অবস্থান শনাক্ত করা হয়। মঙ্গলবার চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ও আসামিদের পরিহিত পোশাক উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনই হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading