এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না: হান্নান মাসউদ

এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না: হান্নান মাসউদ

উত্তরদক্ষিণ। রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১২:০৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাম পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে মাসউদ এ তথ্য জানান তিনি।

আবদুল হান্নান মাসউদ বলেন, একটা কথা স্পষ্ট এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না। এক বা একাধিক দল এনসিপির সাথে একীভূত হওয়ার ব্যাপারে আলাপ আলোচনা চলছে।

তিনি বলেন, ইনশাআল্লাহ তরুণদের শক্তিসমূহ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে।

এর আগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো জোটে যোগ দিচ্ছে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জামায়াতসহ কিছু ইসলামী দল যুগপৎ আন্দোলন করলেও এনসিপি তাদের সঙ্গে নেই এবং তারা শুধুমাত্র গণপরিষদের মাধ্যমে জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে।

রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে প্রথম বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ।

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করে তিনি বলেন, নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে পিআর চায় জাতীয় নাগরিক পার্টি। তাই জামায়াতে ইসলামীসহ যে কয়টি দল যুগপৎ আন্দোলন করছে, তাদের সঙ্গে আমরা নেই।

বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ‍মুহূর্তে জোট না করে এনসিপি স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদের বিকল্প নেই। গণপরিষদ ও জাতীয় নির্বাচন আমরা যেহেতু একসঙ্গে চাচ্ছি, তাই সেই যৌথ নির্বাচনের প্রস্তুতির জন্য আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি। অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি দিয়ে আবারও মাঠে নামবে এনসিপি।

‘আমরা এবার প্রতিটি উপজেলায় যাব। আমাদের উঠান বৈঠক নামে কর্মসূচি চলমান রয়েছে। জাতীয় নাগরিক পার্টির যে ২৪ দফা কর্মসূচি নিয়েছে, সেগুলো নিয়ে আমরা মানুষের দুয়ারে আবারও যাব’।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘আমরা নিবন্ধন পেতে যাচ্ছি। শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে কোনো যথাযথ যুক্তি নির্বাচন কমিশন দিতে পারেনি। আমরা আশা করছি শাপলা প্রতীক পাব।’

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘জোট ও গণপরিষদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা আমাদের বলেছেন, আওয়ামী দোসররা এখনো ঘুরে বেড়াচ্ছে। তাই তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ সভায় দেশের জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয় কমিটির নেতারা অংশ নেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading