শেখ হাসিনাকে উৎখাত করা বৈধ ছিল, ষড়যন্ত্র ছিল না: নাহিদ
উত্তরদক্ষিণ। রবিবার (২১ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট ২৩:১০
শেখ হাসিনাকে উৎখাত করা বৈধ ছিল, কোনো ধরনের ষড়যন্ত্র ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা জুলাই আগস্টের আন্দোলনে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে এক দফা ঘোষণা করে তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়া ছিল বৈধ, এখানে ষড়যন্ত্রের কিছু নেই।
জুলাই গণঅভ্যূত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার দুপুরে সাক্ষ্য ও জেরা শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। এর আগে সকালে ৪৭ নম্বর সাক্ষী হিসেবে তাকে জেরা করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
জুলাই আন্দোলনের অন্যতম নায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই সুযোগও আছে। আমরাও আবেদন জানাব। বিচারের মধ্য দিয়েই তাদের বিষয়ে ফয়সালা করতে হবে।
সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো স্থায়ী সমাধান নয়। কেননা তাদের রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। তাই বিচারের আওতায় এনে দলগতভাবে নিষিদ্ধ করতে হবে। কারণ, অস্থায়ী সিদ্ধান্তে আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করা যাবে না। এছাড়া ফ্যাসিবাদের দোসরদেরও বিচারের মুখোমুখি করতে হবে।
তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের কাছে এখন যথেষ্ট তথ্যপ্রমাণ এসেছে। আমরা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাব। কারণ, রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে, ক্ষমতায় টিকে থাকতে দলীয় প্রধান হিসেবে জনগণকে নিষ্ঠুরভাবে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। এই মামলায় ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে আসামি করে মামলা চলমান। আমি মনে করি, এটা শুধু ব্যক্তির সংঘটিত অপরাধ নয় বরং এটা রাজনৈতিক অপরাধ। তাই, জনগণই প্রতিরোধ করে তাকে উৎখাত করেছে। ফলে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ ও তার দোসরদের চিরতরে নিষিদ্ধ করতে হবে। এছাড়া জুলাই-আগস্টের অপরাধ পৃথিবীর ইতিহাসে লেখা হয়ে থাকবে বলেও মন্তব্য করেন নাহিদ।
আন্দোলনে দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল এমন অভিযোগের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই আগস্টের আন্দোলনে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে এক দফা ঘোষণা করে তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়া ছিল বৈধ, এখানে ষড়যন্ত্রের কিছু নেই। জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট সংঘটিত হয়েছে। এখানে দেশি বিদেশি শক্তির কোনো ইন্ধন ছিল না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল জীবন দিয়ে প্রতিরোধ করে সফলতা নিয়ে এসেছে। শেখ হাসিনাসহ অন্যরা বিচারের মুখোমুখি হতে ভয় পেয়ে তারা দেশত্যাগ করেছে। দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সুপিরিয়র রেসপনসেবিলিটি হিসেবে করা মামলায় ৪৭তম সাক্ষী নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণের পর জেরা আজ রোববার শেষ হয়েছে। এই মামলার অপর দুই আসামি হলেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এরমধ্যে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে এই মামলায় রাজসাক্ষী হয়ে জবানবন্দি দিয়েছেন। আজ তিনি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ নাহিদকে জেরা শেষ করেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন।
ইউডি/এবি

