নিজেদের টাকায় কেনা নতুন দুই জাহাজ যুক্ত হচ্ছে বিএসসির বহরে

নিজেদের টাকায় কেনা নতুন দুই জাহাজ যুক্ত হচ্ছে বিএসসির বহরে

উত্তরদক্ষিণ। রবিবার (২১ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট ২৩:২০

সরকারি কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে আগামী মাসেই যুক্ত হচ্ছে নতুন একটি জাহাজ। ডিসেম্বরের মধ্যে আসবে আরেকটি জাহাজ। জাহাজ দুটি ক্রয়ের বিষয়ে সংস্থাটি চুক্তি করেছে।

বিএসসির বহরে বর্তমানে পাঁচটি জাহাজ রয়েছে। এর মধ্যে তিনটি তেল পরিবহনকারী ট্যাংকার এবং দুটি সাধারণ পণ্য পরিবহনের বাল্ক জাহাজ। নতুন দুটি বাল্ক জাহাজ যুক্ত হলে বিএসসির বহরে জাহাজের সংখ্যা বেড়ে সাতটিতে উন্নীত হবে। তাতে দেশের পতাকাবাহী জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০২।

রবিবার (২১ সেপ্টেম্বর) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ ইউসুফ, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেকসহ জাহাজ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রতিযোগিতামূলক দরে জাহাজ কেনার এই প্রক্রিয়া শুরু হয় গত জুনে। ৩ জুন আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। এরপর কারিগরিভাবে দুটি প্রস্তাব গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। সে অনুযায়ী, গত আগস্টের তৃতীয় সপ্তাহে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি নামক প্রতিষ্ঠান থেকে ৯৩৬ কোটি টাকায় জাহাজ দুটি কেনার প্রস্তাব অনুমোদিত হয়।

বিএসসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের ইতিহাসে এই প্রথম নিজস্ব অর্থায়নে জাহাজ কেনা হচ্ছে। জাহাজ দুটির প্রতিটির পণ্য পরিবহনের ক্ষমতা ৫৫ থেকে ৬০ হাজার টন। জাহাজ দুটি থেকে বছরে বাড়তি ১৫০ কোটি টাকা আয় হতে পারে বলে তারা আশা করেন। দুই জাহাজে পালাক্রমে বছরে ১৫০ নাবিকের কর্মসংস্থান হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading