ভিসা নিষেধাজ্ঞার খবর ছড়ানো প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আছে: দূতাবাস

ভিসা নিষেধাজ্ঞার খবর ছড়ানো প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আছে: দূতাবাস

উত্তরদক্ষিণ। সোমবার (২২ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট ২৩:০০

‘ইউএইভিসা অনলাইন ডটকম’ নামের এক‌টি ভিসা প্রসেসিং সেন্টারের ওয়েবসাইট থেকে বাংলাদেশিদের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মিথ্যা তথ্য ছড়া‌নো হ‌য়ে‌ছে বলে জানিয়েছে আমিরাতের বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস নিশ্চিত করেছে যে, ‘ইউএইভিসা অনলাইন ডটকম’ ঠিকানাটিতে ব্যবহার করা বিল্ডিং/বাসা নম্বরের কোনও অস্তিত্ব নেই। কোম্পানিটির অতীত কর্মকাণ্ডের ওপর কাস্টমার রিভিউ দূতাবাসের কাছে আছে। পর্যালোচনা করে দেখা যায়, বেশিরভাগ কাস্টমার আর্থিকভাবে প্রতারিত হয়েছে বলে অভিযোগ করেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিরাতের বাংলাদেশ দূতাবাস খোঁজ নিয়ে জানতে পেরেছে, ‘ইউএইভিসা অনলাইন ডটকম’-এর নিবন্ধনকারীর যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের। কারিগরি যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের, নিবন্ধকের যোগাযোগের নম্বর যুক্তরাষ্ট্রের এবং ওয়েবসাইটে দেওয়া কোম্পানির যোগাযোগ নম্বর ভারতের, কোম্পানির হেড অফিসের যে ঠিকানা দেওয়া আছে, তা দুবাইয়ের।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি দূতাবাসের নজরে এসেছে, বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে। বা সমার্থক বাক্য হেডলাইন করে বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদগুলোতে ‘ইউএইভিসা অনলাইন ডটকম’ নামক একটি তথাকথিত ভিসা প্রসেসিং সেন্টারের ওয়েবসাইটে প্রচারিত আর্টিকেল-এর সূত্র উল্লেখ করা হয়েছে।

দূতাবাস সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানাচ্ছে যে, উক্ত ওয়েবসাইটে প্রকাশিত তথ্য সঠিক নয়। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই জাতীয় ঘোষণা আমিরাতের কোনও কর্তৃপক্ষ দেয়নি।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের এহেন ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য দূতাবাস পরামর্শ দিচ্ছে। একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তথ্য/সংবাদ প্রচার অথবা শেয়ার করার ক্ষেত্রে আরও দায়িত্ববান হওয়ার অনুরোধ করছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading