লতা মঙ্গেশকরের পা ছুঁয়ে প্রণাম করতেন মোদি: সাবিনা ইয়াসমিন

লতা মঙ্গেশকরের পা ছুঁয়ে প্রণাম করতেন মোদি: সাবিনা ইয়াসমিন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৪:৫০

দেশের সংস্কৃতি অঙ্গনে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে অবদান রেখেছেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। অথচ সেই গুণী শিল্পীর কণ্ঠেই শোনা গেল শিল্পীদের প্রতি রাষ্ট্রের উদাসীনতার আক্ষেপ। তার মতে, বাংলাদেশে কখনোই শিল্পীদের যথাযথ মূল্যায়ন হয়নি, এখনো হচ্ছে না।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে নতুন গান রেকর্ডিং অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিন আরও বলেন, লতা মঙ্গেশকরের পা ধরে প্রণাম করেন মোদী (নরেন্দ্র মোদী), কিন্তু এদেশ শিল্পীর কদর করে না। তারা সম্মান জানিয়ে গানকে কোথায় নিয়ে গেছেন বলে বোঝাতে পারবো না। কিন্তু আমাদের দেশে সরকারিভাবে সেটা কখনও পেয়েছি? কত বড় বড় শিল্পী ছিলেন আমাদের মাঝে। বিশেষ করে পুরুষ শিল্পীদের তো কেউ নেই। নারীদের মধ্যে এখনও দু’চারজন আছেন।

তিনি আরও বলেন, আমাদের এন্ড্রু কিশোর, সুবীর নন্দীর মতো এত ভালো শিল্পী ছিল, তাদের কিছু কিছু গান তো আর্কাইভ করে রাখা যেত। এগুলোর কথা তো কেউ চিন্তা করে না। সবশেষ ফরিদা পারভীন নিভৃতে চলে গেলেন, তার মতো শিল্পী কি আর আসবে? এটা আমাদের দুর্ভাগ্য।

তবে ব্যক্তিগতভাবে নিজের কোনো আক্ষেপ নেই বলেও জানান সাবিনা ইয়াসমিন। তারজন্য ফিল্মের সবার প্রতি কৃতজ্ঞতাও জানান এই কিংবদন্তী শিল্পী।

ব্যক্তিগত আক্ষেপ না থাকলেও শিল্পীদের গানের রয়্যালিটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, অন্যান্য দেশে থাকলেও আমাদের এখানে গানের রয়্যালিটির সুব্যবস্থা নেই। সরকার এদিকে সুদৃষ্টি না দিলে ঠিক হবে না। আবদুল আলীম, রহমান বয়াতি থেকে বহু শিল্পীর পরিবার রয়্যালিটি পেলে অনেক ভালো থাকতেন। যদি এই সিস্টেমটা ঠিক হতো তাহলে শিল্পীরা ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত থাকতে পারতো।

চলতি মাসের ৪ তারিখে ছিলো সাবিনা ইয়াসমিনের জন্মদিন। বিশেষ এই দিনটি জমকালো আয়োজনে উদযাপন করে চ্যানেল আই। সেইসাথে তার জীবনী নিয়ে শাইখ সিরাজ নির্মাণ করেন ‘জুঁই ফুল’ নামের ডকুফিল্ম।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading