‘পাবলিক ডোমেইনে’ থাকা মিকি মাউস নিয়ে ডিজনির বিরুদ্ধে মামলা
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১২:১০
১৯২৮ সালের অ্যানিমেটেড শর্ট স্টিমবোট উইলি–তে প্রথম দেখা মিকি মাউস গত বছর পাবলিক ডোমেইনে প্রবেশ করলেও ডিজনি এখনও চরিত্রটির অধিকার প্রয়োগ করছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে মার্কিন আইন ফার্ম মরগ্যান অ্যান্ড মরগ্যান ফ্লোরিডার ফেডারেল কোর্টে মামলা করেছে। খবর হলিউড রিপোর্টের।
আইন ফার্মটি মিকিকে ব্যবহার করে একটি জাতীয় বিজ্ঞাপন প্রচার করতে চাইলেও ডিজনির আইনজীবীরা তাতে আপত্তি জানান। বিজ্ঞাপনটি কপিরাইট লঙ্ঘন করছে না—এমন আদালতের রায় চাইছে তারা। ৩৭ সেকেন্ডের সাদাকালো সেই বিজ্ঞাপনে দেখা যায় মিকি একটি নৌকা দুর্ঘটনা ঘটিয়ে মিনিকে আঘাত করে, এরপর মিনি আইন ফার্মে কল দেন। ভিডিওটির শেষে স্পষ্ট করে বলা হয়—এটি ডিজনির অনুমোদিত নয়।
এর আগে চলতি বছরের জুলাইয়ে একটি জুয়েলারি কোম্পানির বিরুদ্ধে একই অভিযোগে মামলা করে ডিজনি। প্রতিষ্ঠানটির দাবি, স্টিমবোট উইলি–এর কপিরাইট শেষ হলেও মিকি মাউস তাদের ট্রেডমার্ক সুরক্ষার মধ্যে রয়েছে। তাই প্রতিযোগীরা চরিত্রটি ব্যবহার করে পণ্য বাজারজাত করতে পারবে না।
ডিজনির আইনজীবী কেলি ক্লস বলেন, ‘কপিরাইট শেষ হলেও মিকি মাউস এখনও বিশ্বব্যাপী ডিজনির ব্র্যান্ড দূত হিসেবে থাকবে।’ উল্লেখ্য, ডিজনি ইতিমধ্যে স্টিমবোট উইলি–এর ক্লিপকে করপোরেট লোগোতে ব্যবহার করেছে, যা তাদের ট্রেডমার্ক সুরক্ষাকে আরও জোরদার করছে।
ইউডি/কেএস

