বাসাবোতে ককটেলসহ গ্রেফতার ২
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৬:৪২
রাজধানীর সবুজবাগ থানাধীন উত্তর বাসাবো এলাকা থেকে ককটেলসহ দুইজনকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজন হলেন- মো. রাকিব হোসেন (২৭) ও মাহাবুব (২০)।
বিকালে ডিএমপির মিডিয়া শাখা থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ থানা পুলিশ জানতে পারে দুইজন ব্যক্তি সবুজবাগ থানাধীন উত্তর বাসাবো প্রেসের গলিতে পরিত্যক্ত একটি কক্ষে ককটেলসহ অবস্থান করছে। পরবর্তীতে সেখানে অভিযান চালিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এবং তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. রাকিব হোসেনের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।
গ্রেফতার দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।
ইউডি/এআর

