বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারে বর্ণাঢ্য র‌্যালি

বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারে বর্ণাঢ্য র‌্যালি

উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১২:০০

নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের শীর্ষ পর্যটন গন্তব্য কক্সবাজারে উদযাপন করা হচ্ছে বিশ্ব পর্যটন দিবস ২০২৫। দিবসটি উপলক্ষ্যে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের লাবণী পয়েন্ট থেকে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এ র‌্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবদুল মান্নান। এতে অংশ নেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পর্যটন খাতের ব্যবসায়ী ও কর্মী, স্কুল শিক্ষার্থী এবং হাজারো সাধারণ মানুষ। শোভাযাত্রায় ছিল ঘোড়ার গাড়ি, ব্যান্ড দলের পরিবেশনা ও ট্যুরিস্ট পুলিশের সুসজ্জিত মোটরবাইক। রঙিন টি-শার্ট পরে নিজেদের ব্যানারে অংশ নেয় হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতি, কক্সবাজার সার্ফিং কমিউনিটিসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।

সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, পর্যটনের সঙ্গে এ জেলার প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে জড়িত। তাই আমরা সবাইকে সঙ্গে নিয়েই আজকের দিনটি উদযাপন করছি। কক্সবাজারের পর্যটন খাতকে আরও টেকসই ও পরিবেশবান্ধব করতে আমাদের কার্যক্রম চলমান থাকবে।

পর্যটন দিবস ও পূজার ছুটিকে সামনে রেখে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি বলেন, এই সময় কক্সবাজারে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পর্যটকরা যেন নির্বিঘ্নে ভ্রমণ ও অবকাশ যাপন করতে পারেন, সে লক্ষ্যে আমরা কাজ করছি।

শোভাযাত্রা শেষে সৈকতের বিভিন্ন পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি সেখানে অবস্থানরত পর্যটকদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রসঙ্গত, দিবসটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, পর্যটন খাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশ। এই শিল্পের যথাযথ বিকাশ নিশ্চিত করতে আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

বিশ্বজুড়ে পর্যটনের প্রচার ও প্রসারে ১৯৮০ সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ঘোষিত এই দিবসটি সদস্য দেশগুলোতে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়ে আসছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading