২০ বছর ধরে বন্ধ ‘আল্পনা’ সিনেমা হল এখন মসজিদ

২০ বছর ধরে বন্ধ ‘আল্পনা’ সিনেমা হল এখন মসজিদ

উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৩:২৫

প্রায় ২০ বছর ধরে বন্ধ ‘আল্পনা’ সিনেমা হল এখন মসজিদ। এমন এক খবর সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হয়েছে একটি ছবিও। সেখানে দেখা যাচ্ছে হলের সামনে মসজিদের ব্যানার টানানো হচ্ছে। ঘটনাটি ঘটেছে নড়াইলের কালিয়া উপজেলার বিখ্যাত আল্পনা সিনেমা হলে। ২০ বছর ধরে বন্ধ হয়ে থাকা এই হল রূপ নিল তাবলিগী মার্কাজ মসজিদে।

এক সময়ের কোলাহল, সিনেমার পোস্টার, টিকিটের লাইন সবই এখন অতীত আল্পনা সিনেমা হলে। সেখানে হবে এখন আজান, নামাজ। চলবে মুসল্লিদের আনাগোনা।

১৯৮৪ সালে ‘টাউন হল’ নামে যাত্রা শুরু করেছিল ভবনটি। তৎকালীন জেলা প্রশাসক ম. শাফায়াত আলী উদ্বোধন করেছিলেন। পরে এটি রূপ নেয় সিনেমা হলে। তবে লোকসান আর দর্শকসংকটে প্রায় দুই দশক আগে বন্ধ হয়ে যায় প্রদর্শনী কার্যক্রম। তারপর থেকে ভবনটি পড়ে ছিল জরাজীর্ণ অবস্থায়।

অবশেষে গত বুধবার সেখানে ঝুলে গেল নতুন ব্যানার ‘তাবলিগী মার্কাজ মসজিদ’।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুজ্জামান জানান, ‘আল্পনা সিনেমা হল আসলে সরকারের ভেস্টেড প্রপার্টি। একজন ইজারা নিয়ে পরিচালনা করতেন। অনেক বছর ধরেই এটি বন্ধ।’

তাবলিগ জামাতের ‘আলমী শুরায়ী নেজাম’র পক্ষে ভবনটি ইজারা নিয়েছেন মাওলানা শহিদুল। আর এই পরিবর্তনে স্থানীয় তাবলিগ জামাত কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

‘সাথী ভাই’ সংগঠনের পরিচালক মো. রায়হান শেখ উচ্ছ্বাস প্রকাশ করে গণমাধ্যমে বলেন, ‘আলহামদুলিল্লাহ! যেখানে এক সময় গুনাহের অন্ধকারে মানুষ ডুবে থাকত, আজ সেখানে আল্লাহর জিকির-ফিকির হবে। ঈমানের আলোয় ভরে উঠবে আল্পনার পর্দাহীন মঞ্চ।’

তবে অনেকে বলছেন, যেহেতু কালিয়াতে আধুনিক মডেল মসজিদ নির্মাণ হচ্ছে তাই ঐতিহাসিক এই ভবনটি সংরক্ষণ বা সংস্কার করে রাখা যেত।

একসময় নড়াইল জেলায় ছিল তিনটি জমজমাট সিনেমা হল। এখন সবই ইতিহাস। পোস্টার, করতালি আর হাউসফুলের দিনগুলো মিলিয়ে গেছে সময়ের স্রোতে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading