সিংগাপুরে যাওয়া হলো না প্রবাস ফেরত নরসিংদীর গনি মিয়ার
উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৬:৩০
নরসিংদীর পলাশে নিখোঁজের একদিন পর গণি মিয়া (৩০) নামে এক যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঘোড়াশাল টানস্টেশনের রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গণি মিয়া ঘোড়াশাল আঁটিয়াগাও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। সে গত তিন মাস আগে সিংগাপুর থেকে ছুটিতে দেশে আসে। আগামী ২৯ সেপ্টেম্বর আবার সিঙ্গাপুর ফিরে যাওয়ার কথা ছিল।
নিহতের বড় ভাই মনির হোসেন জানায়, গত শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় গণি মিয়া। পরে তার কোন খোঁজ খবর না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হয়। এদিকে সকালে ঘোড়াশাল টানস্টেশনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর শুনে পরিবারের লোকজন ছুটে এসে গণিমিয়ার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহটি দেখতে পায়।
নিহত পরিবারের অভিযোগ তাকে কেউ হত্যা করে লাশ রেললাইনের পাশে ফেলে রেখেছে। এদিকে খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
নরসিংদী রেলওয়ের পুলিশের উপ-পরিদর্শক নাজিমুদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, ময়না তদন্তের পর হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।
ইউডি/রেজা

