রুশ ড্রোন হামলায় ইউক্রেনে একই পরিবারের ৪ জন নিহত
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১২:৪৫
ইউক্রেনের উত্তর-পূর্ব সুমি অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় এক দম্পতি ও তাদের দুই শিশু সন্তান নিহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। সুমি অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেগ গ্রিগোরভ জানান, রাশিয়ান বাহিনী ক্রাসনোপিলিয়া কমিউনিটির চেরনেচচিনা গ্রামে একটি আবাসিক ভবনে হামলা চালায়।
গ্রিগোরভ টেলিগ্রামে এক বার্তায় লেখেন, ‘এই বাড়িটিতে এক দম্পতি ও তাদের দুই ছোট শিশু বসবাস করতেন। দুর্ভাগ্যজনকভাবে, কেউই বেঁচে বের হতে পারেনি।
তিনি আরও জানান, ‘ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারকারীরা চারজনের মৃতদেহ উদ্ধার করেছে। পিতা-মাতা ও তাদের দুটি ছেলে সন্তান। তাদের বয়স ছিল যথাক্রমে ছয় ও চার বছর।’
তিনি এই ঘটনাকে পুরো কমিউনিটি ও অঞ্চলের জন্য এক ভয়াবহ ও অপূরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেন।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা রাতভর ইউক্রেনের পাঠানো ৮১টি ড্রোন ‘ধ্বংস ও প্রতিহত’ করেছে। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভলগোগ্রাদ অঞ্চলের গভর্নর আন্দ্রেই বোচারভ জানান, রুশ সেনাবাহিনী একটি ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করেছে।
তিনি বলেন, ‘প্রাথমিক তথ্যানুযায়ী, কোনো কাঠামোর ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।’
সূত্র : এএফপি
ইউডি/রেজা

