ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
উত্তরদক্ষিণ। রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, আপডেট ১১:০৫
গাজায় শান্তি আলোচনার উদ্যোগের মধ্যেই নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়েছে।
ররিবার (৫ অক্টোবর) ভোরে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের জেরুজালেম, মধ্যাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিম তীরে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানায়, ক্ষেপণাস্ত্রটি আকাশেই সফলভাবে প্রতিহত করা হয়েছে।
আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পরই সতর্কতা জারি করা হয় এবং প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এটি ধ্বংস করা সম্ভব হয়েছে।‘
আইডিএফ আরও জানিয়েছে, চলতি বছরের ১৮ মার্চ থেকে হুতি বিদ্রোহীরা ইসরায়েল লক্ষ্য করে মোট ৯১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একইসঙ্গে তারা ৪১টি ড্রোন হামলাও চালিয়েছে।
২০২৫ সালের জানুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির আগে, হুতিরা ৪০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১০০টিরও বেশি ড্রোন, এবং একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল বলে উল্লেখ করা হয়।
এই হামলা এমন সময় ঘটল, যখন আমেরিকার মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার বিষয়ে অগ্রগতি চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে যুদ্ধবিরতির রূপরেখা ঘোষণা করেছেন এবং হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছেন।
তবে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যদি হুতি বিদ্রোহীরা হামলা অব্যাহত রাখে এবং ইসরায়েল পাল্টা প্রতিক্রিয়ায় যায়।
ইউডি/রেজা

