এনসিপির সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
উত্তরদক্ষিণ। সোমবার (০৬ অক্টোবর) ২০২৫, আপডেট ২২:১৫
বিচার, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতিসহ দেশের নানা বিষয়ে তুরস্কের তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনজির সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক হয়েছে।
সোমবার (০৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় তুরস্ক দূতাবাসে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করেন।
প্রতিনিধি দলে ছিলেন— আলাউদ্দিন মোহাম্মদ, সুলতান মোহাম্মদ জাকারিয়া, মনিরা শারমিন, নীলিমা দোলা ও আতিক মুজাহিদ।
এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রস্তুতি, সংস্কার সম্পর্কিত, বিশেষ করে সংবিধান সংস্কার নিয়ে বিশদ আলোচনা হয়।
তুরস্কের সঙ্গে বাংলাদেশের যৌথ অর্থনৈতিক কমিশন গঠন, দ্বিপক্ষীয় সহযোগিতা, যুবশক্তি বিনিময় ও রোহিঙ্গার প্রত্যাবাসনসহ দেশের সার্বিক পরিস্থিতি ও অগ্রগতি নিয়ে আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
ইউডি/এবি

