যাত্রাবাড়ীতে কলেজছাত্রকে কুপিয়ে টাকা ও আইফোন ছিনতাই
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, আপডেট ১৩:৫৫
রাজধানীর যাত্রাবাড়ী শনির আখড়ায় এক কলেজছাত্রকে কুপিয়ে আহত করে টাকা ও আইফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আবাবিল আদিত্য আল ইসলাম (২২) নামে ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা গ্রামের প্রতিবেশী আলিফ হোসেন রোহান জানান, আদিত্যর বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলার বয়লা গ্রামে। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আদিত্য। তবে বর্তমানে থাকতেন যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায়। সেখানে গত এক বছর যাবত আইইএলটিএস করছিলেন।
রোহান জানান, সোমবার রাতে আদিত্য একটি নাম্বার থেকে তাকে কল করে জানান, শনির আখড়ায় তাকে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। তখন তিনি ঘটনাস্থলে গিয়ে আদিত্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এরপর জানতে পারেন, নিজের ওষুধ কেনার জন্য রাতে বাসা থেকে বের হয়ে শনির আখড়া আন্ডারপাস ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিলেন আদিত্য। তখন দুই কিশোর তার পথরোধ করে তার কাছে কি আছে বের করে দিতে বলে। প্রথমে তিনি দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় আদিত্য। এ সময় পাশ থেকে আরও তিন যুবক এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তার সঙ্গে থাকা একটি আইফোন ১৬ প্রো ও এস২০ আলট্রা ফোন ছিনিয়ে নিয়ে যায়। এছাড়া তার সঙ্গে থাকা কিছু টাকাও ছিনিয়ে নেয় তারা।
এদিকে, চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই যুবককে ভোরে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
ইউডি/রেজা

