কনসার্টে গোলাগুলি: চট্টগ্রামে পুলিশের গুলিতে ছাত্রদলের কর্মী আহত

কনসার্টে গোলাগুলি: চট্টগ্রামে পুলিশের গুলিতে ছাত্রদলের কর্মী আহত

উত্তরদক্ষিণ। রবিবার (১২ অক্টোবর) ২০২৫, আপডেট ২৩:৩০

চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় কনসার্টে পুলিশের গুলিতে আহত নাজির শরিফ (২৩) নগর ছাত্রদলের কর্মী। তিনি নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলামের অনুসারী বলে জানা গেছে। কনসার্টে গোলাগুলির খবরে তিনি সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছেন। ঘটনায় আহতের পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দলের নেতা–কর্মীরা জানিয়েছেন, তার অবস্থা আগের চেয়ে ভালো।

এর আগে গতকাল শনিবার রাত সাড়ে আটটায় চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের কনভেনশন সেন্টার এলাকায় গুলির এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত শরিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বাঁ কাঁধের নিচে গুলি লাগে। সেখানে থাকা নেতা–কর্মীরা জানান, পুলিশের গুলিতে শরিফ আহত হয়েছেন।

চট্টগ্রাম নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম বলেন, আহত শরিফ ওমরগণি এমইএস কলেজ ছাত্রদলের কর্মী। দলে তার কোনো পদ নেই। ঝামেলা হচ্ছে শুনে কনসার্ট এলাকায় খোঁজখবর নিতে গিয়েছিলেন তিনি। এ ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হবে, সেটি কেন্দ্রে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

গতকাল জিইসি কনভেনশন সেন্টারে কনসার্টের আয়োজন করে একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। এতে ব্যান্ড দল ‘আর্টসেল’–এর গান পরিবেশনের কথা ছিল। সন্ধ্যায় শুরু হওয়া কনসার্ট সবার জন্য উন্মুক্ত রেখেছিলেন আয়োজকেরা। তবে কনসার্ট শুরুর পর সেখানে দুই পক্ষের ঝামেলা হয়। এ সময় কনভেনশন সেন্টারে ভাঙচুর চালানো হয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ৩১ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, কনভেনশন সেন্টারের ফটকের বাইরে মানুষের জটলা। ফটকের ভেতরেও এক পাশে কিছু মানুষ। বাইরে দাঁড়িয়ে থাকা জটলার দিকে লক্ষ্য করে গুলি ছুড়েছেন সাদাপোশাকে থাকা এক পুলিশ সদস্য। তার পেছনে শটগান হাতে ছুটে আসেন আরও একজন। মুহূর্তেই সামনের জটলা ছত্রভঙ্গ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে ঘটনার সূত্রপাত। এরপর সেখানে ছাত্রদলের একটি পক্ষ উপস্থিত হয়। স্লোগান দেওয়া পক্ষের সঙ্গে ছাত্রদলের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ভাঙচুর শুরু করে স্লোগান দেওয়া পক্ষটি। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে। সে সময় বাইরে থাকা কয়েকজন আহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমের আরেকটি ভিডিওতে দেখা যায়, কনভেনশন সেন্টারের ফটক বন্ধ। এর বাইরে লোকজনের জটলা। জিইসি মোড়, গৃহায়ণ কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে ও ওমরগণি এমইএস কলেজের সামনে লাঠিসোঁটা হাতে বেশ কয়েকজন তরুণ–যুবককে দেখা যায়। তবে লাঠিসোঁটা হাতে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) নিষ্কৃতি চাকমা বলেন, কনসার্টের অনুমতি ছিল না। সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আটটি ফাঁকা গুলি ছোড়ে। কাউকে লক্ষ্য করে গুলি করা হয়নি। পুলিশের গুলি কারও গায়ে লেগেছে কি না, সেটি জানা নেই।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading