ইটনায় গরু চুরিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩০

ইটনায় গরু চুরিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩০

উত্তরদক্ষিণ। সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, আপডেট ১১:১৩

কিশোরগঞ্জের ইটনায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে রুমান মিয়া (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রুমান মিয়া ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জসিম মেম্বার গোষ্ঠী ও করিম মিয়ার গোষ্ঠীর মধ্যে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জেরে গত দুই দিন আগে করিম মিয়ার গোষ্ঠীর একজন জসিম মেম্বার গোষ্ঠীর বাড়িতে গরু চুরি করতে গেলে স্থানীয়রা গরুটি উদ্ধার করে।

বিষয়টি নিয়ে রবিবার সকালে সামাজিক বিচারের আয়োজন হলে দুই পক্ষের লোকজন ছুরি, টেঁটা, বল্লম ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে জসিম মেম্বার গোষ্ঠীর রুমান মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading