সাবেক এমপি-জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
উত্তরদক্ষিণ। বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, আপডেট ০৯:৪০
জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. শিবলী সাদিক (৪৩) ও তার চাচা দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেনের (৭৬) বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দিনাজপুর জেলা দুদক কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আলম মিয়া বাদী হয়ে মামলা দুটি করেন।
দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত ৭ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৬৩৩ টাকা সম্পদ অর্জন করে ভোগ-দখলে রেখেছেন; যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
অন্যদিকে দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে জ্ঞাত-আয়ের উৎস বহির্ভূত ৭ কোটি ৬৪ লাখ ৩৫ হাজার ৬৩৫ টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগ-দখলে রেখেছেন; যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
মামলার দুটির এজাহারে উল্লেখ করা হয়, শিবলী সাদিক ও দেলওয়ার হোসেনের নামে স্থাবর সম্পদের হিসাব পর্যালোচনা করে অসঙ্গতি ও জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়ার পর দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষেই মামলা দুটি দায়ের করা হয়।
ইউডি/কেএস

