জুলাই যোদ্ধাদের ওপর হামলা দুঃখজনক: সারজিস আলম

জুলাই যোদ্ধাদের ওপর হামলা দুঃখজনক: সারজিস আলম

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, আপডেট ২৩:৪৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের আচরণ দায়সারাভাবে হয়েছে। তিনি বলেন, “জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রাপ্য মর্যাদা দেওয়া হয়নি। অনুষ্ঠানটি রাজনৈতিক দলগুলোর এক ধরনের মিলনমেলায় পরিণত হয়েছে।”

শুক্রবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ‘টুনিরহাট ফুটবল গোল্ডকাপের’ চতুর্থ দিনের খেলা উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, “অনুষ্ঠানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতি অবহেলা দুঃখজনক। তাদের ক্ষোভের বহিঃপ্রকাশকে প্রশাসন লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট দিয়ে দমন করেছে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে এই সংস্কৃতি মানানসই নয়।”

সারজিস আলম আরও বলেন, “অন্তর্বর্তী সরকার জুলাই সনদ নিয়ে দায়সারা মনোভাব দেখিয়েছে। তারা শুধু নামকাওয়াস্তে একটি সনদ স্বাক্ষর করে নির্বাচনমুখী হতে চাইছে। এতে সংস্কার বা আইনি ভিত্তি থাকুক বা না থাকুক, পরবর্তী সরকার বাস্তবায়ন করবে কি না—সে নিশ্চয়তা নেই।”

এনসিপি নেতার দাবি, বিএনপি জুলাই সনদের ছয়-সাতটি ধারা নিয়ে আপত্তি জানিয়েছে, যা গুরুত্বসহকারে পর্যালোচনার প্রয়োজন। “যদি গণভোটে সনদের পক্ষে রায় যায়, তাহলে ওই আপত্তিগুলোর অবস্থান কী হবে, তা পরিষ্কার নয়,” বলেন তিনি।

তিনি আরও প্রশ্ন তোলেন, “ভবিষ্যতে কোনো দল ক্ষমতায় গিয়ে যদি বলে এই অংশগুলো আমরা মানি না, তাহলে এর আইনি ভিত্তি কী হবে? এসব বিষয়ে প্রধান উপদেষ্টার স্পষ্ট নির্দেশনা প্রয়োজন।”

জুলাই সনদে এনসিপির অনুপস্থিতি নিয়ে তিনি বলেন, “৫ আগস্টের পর থেকে আমরা অনেক ছাড় দিয়েছি, কিন্তু ঘোষণাপত্র এখন নামমাত্র কাগজে পরিণত হয়েছে। একই পরিণতি জুলাই সনদের ক্ষেত্রেও হলে ভবিষ্যতে জুলাই আন্দোলনের যোদ্ধাদের রাষ্ট্রদ্রোহ মামলায় জড়ানো হতে পারে। তাই স্পষ্ট নিশ্চয়তা ছাড়া আমরা স্বাক্ষরে অংশ নিইনি।”

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading