সাতক্ষীরা শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস জব্দ
উত্তরদক্ষিণ। শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, আপডেট ১৭:৫০
সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা জব্দ করেছে কোস্টগার্ড।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ বিষয়টি জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টায় কোস্টগার্ডের কৈখালী স্টেশনের সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর থানাধীন পার্শেখালী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে প্রায় ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা জব্দ করা হয়।
এ সময় হরিণ শিকারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের মাংস পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেংরাখালী টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ ও পাচার রোধে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
ইউডি/রেজা

