যশোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ কিশোর নিহত
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, আপডেট ১৩:১০
যশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর এলাকায় বালুবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: উপজেলার বাশাপোল কালিয়াকুন্ডু গ্রামের ইনতাজ হোসেনের ছেলে ইমন হোসাইন (১৫) এবং তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৫)।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সকালে ইমন ও আশরাফুল মোটরসাইকেলযোগে চৌগাছা বাজারে যাচ্ছিল। পথিমধ্যে জাহাঙ্গীরপুর গ্রামের ভাদ্রা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থল এলাকায় ভারী যানবাহনের চলাচল ও রাস্তার সরু মোড়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত সেখানে গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও সড়ক সংস্কারের দাবি জানান।
ইউডি/রেজা

