গাজীপুর সাফারি পার্কে জিরাফের মৃত্যু

গাজীপুর সাফারি পার্কে জিরাফের মৃত্যু

উত্তরদক্ষিণ। শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, আপডেট ১৬:১০

টিবি রোগে আক্রান্ত হয়ে গাজীপুর সাফারি পার্কের একটি জিরাফের মৃত্যু হয়েছে। গত ২৩ অক্টোবর জিরাফটির মৃত্যু হলেও আজ শনিবার গণমাধ্যমে এ বিষয়টি জানানো হয়।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, দীর্ঘদিন যাবৎ সাফারি পার্কের সব শেষ জিরাফটি টিবি আক্রান্ত হয়ে অসুস্থ ছিল। জিরাফটিকে সুস্থ করতে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।

মেডিকেল বোর্ডের সব চেষ্টা ব্যর্থ করে গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার পার্কের ভেতরেই জিরাফটির মৃত্যু হয়। মৃত্যুর পর জিরাফটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। তারপর পার্কের ভেতরেই সেটিকে মাটি চাপা দেওয়া হয়। এই জিরাফটির মৃত্যুর মাধ্যমে পার্কটি জিরাফ শূন্য হয়ে পড়েছে।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক বলেন, জিরাফ মৃত্যুর ঘটনায় গাজীপুরের শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে পার্ক কর্তৃপক্ষ। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পার্ক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে পার্ক প্রতিষ্ঠার সময় দুই দফায় দক্ষিণ আফ্রিকা থেকে ১০টি জিরাফ আনা হয়। আন্তর্জাতিক প্রাণী বিপণন প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্সের মাধ্যমে জিরাফগুলো আমদানি করে কর্তৃপক্ষ। এরপর ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে আরও চারটি জিরাফ বাচ্চা দেয়। অন্যদিকে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে রোগাক্রান্ত হয়ে বেশ কিছু জিরাফ মারা যায়। সর্বশেষ একটি স্ত্রী জিরাফ বেঁচেছিল। এ প্রাণীটির মৃত্যুর পর পার্কে আর কোনো জিরাফ রইলো না বলে জানিয়েছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading