ইন্ডিয়ান চোরাচালানবোঝাই পিকআপচাপায় অটোচালক নিহত

ইন্ডিয়ান চোরাচালানবোঝাই পিকআপচাপায় অটোচালক নিহত

উত্তরদক্ষিণ। রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, আপডেট ১৫:৪০

ফেনীর ফুলগাজীতে ইন্ডিয়ান শাড়িসহ চোরাচালানবাহী পিকআপচাপায় রকি (২২) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার আমজাদহাট ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রকি পরশুরাম উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রকি অটোরিকশা নিয়ে পরশুরাম থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা হন। পথে আমজাদহাটের গজারিয়া বাজার এলাকায় পৌঁছালে বক্সমাহমুদের দিক থেকে আসা ইন্ডিয়ান শাড়িসহ চোরাচালান বোঝাই একটি পিকআপ অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রকির মৃত্যু হয়। সিএনজির অন্য তিন যাত্রীর মধ্যে গুরুতর আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও একজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে পিকআপের চালক পালিয়ে যায়। পরে বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চোরাচালান ও পিকআপ জব্দ করে।

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা ও পিকআপটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading