কুয়েট কর্মচারীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

কুয়েট কর্মচারীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, আপডেট ১৫:০০

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কর্মচারী মো. মহসিন শেখ লিটুর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। একাধিক রাউন্ড গুলি ছোড়া হলেও কেউ হতাহত হননি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটে মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা খুঠিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 
 
ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। হামলার শিকার পরিবারের সদস্যরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
 
বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, চারটি মোটরসাইকেলে হেলমেট পরা কয়েকজন যুবক বাড়ির সামনে এসে থামে। কিছুক্ষণ পর তারা মোটরসাইকেল থেকে নেমে প্রধান ফটকের দিকে এগিয়ে যায় এবং মহসিনের কক্ষ লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবর্ষণের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
 
স্থানীয়রা জানান, গুলিতে মহসিনের কক্ষের জানালার থাই গ্লাস ভেঙে গেছে। ঘটনার সময় বাড়ির মালিক মহসিন ফজরের নামাজ পড়তে মসজিদে ছিলেন। তার পাশের কক্ষে স্ত্রী কামরুন নাহার ও দুই সন্তান ঘুমিয়ে ছিলেন। সৌভাগ্যবশত তারা অক্ষত রয়েছেন।
  
ঘটনার পর থেকে মহসিনকে বাড়িতে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনেও যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘কুয়েট কর্মচারী মহসিন লিটুর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।’
 
তিনি আরও বলেন, ‘কে বা কারা, কী কারণে এ হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading