নিহত পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে মেট্রোরেলকে নোটিশ

নিহত পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে মেট্রোরেলকে নোটিশ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, আপডেট ১৫:৫৭

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম আজাদ নামে এক পথচারী নিহত হওয়ার ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) নোটিশটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বরাবর পাঠিয়েছেন আইনজীবী এনামুল নবীন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২৬ অক্টোবর ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন পিয়ার নং ৪৩৩ থেকে দুটি বিয়ারিং প্যাড নিচে পড়ে যায়। এর মধ্যে একটি বিয়ারিং প্যাড পথচারী আবুল কালাম আজাদের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত আবুল কালাম আজাদের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে। তার উপার্জনের ওপরই পুরো পরিবার এবং ছোট ভাইয়ের পড়াশোনা নির্ভর করত।

আরও বলা হয়েছে, মেট্রোরেল কর্তৃপক্ষের গাফিলতি ও অব্যবস্থাপনার কারণেই এই দুর্ঘটনা ঘটে। মেট্রোরেল কর্তৃপক্ষ স্থাপনাগুলোর নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণ না করায় এমন দুর্ঘটনা ঘটেছে, যা জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে।

নিহতের পরিবারের জন্য পাঁচ লাখ টাকা সরকারি সহায়তা ও একজনকে চাকরি দেওয়ার ঘোষণাকে নোটিশে অবমাননাকর ও অপ্রতুল হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে নিহতের পরিবারের জীবনযাপন ও ক্ষতি পূরণের জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দেওয়ার দাবি জানানো হয়েছে।

৩০ দিনের (এক মাস) মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading