৪০ বছর পরের অধ্যায় আমার জীবনের সবচেয়ে দারুণ সময়: বাঁধন

৪০ বছর পরের অধ্যায় আমার জীবনের সবচেয়ে দারুণ সময়: বাঁধন

উত্তরদক্ষিণ। বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, আপডেট ০৮:২০

বয়স নিয়ে কখনোই লুকোছাপা করেননি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আগের মত এবারও স্ব-গর্বে বলে দিলেন, ৪১ বসন্ত পেরিয়ে ৪২ বছরে পা রাখলেন তিনি। এবারের জন্মদিনেও জীবনের চড়াই-উতরাইয়ের কিছু কথা বলেছেন এই অভিনেত্রী। বাঁধন জানান, ৪০ বছর পার করার পর তার জীবন একেবারে বদলে গেছে।

ফেসবুক পোস্টে বাঁধন লিখেছেন, ‘আজ আমার ৪২তম জন্মদিন। কী দারুণই না ছিল এই যাত্রা! ৪০ পার করার পর জীবন যেন একেবারে বদলে গেল। একটা বেদনাদায়ক সম্পর্কের বিচ্ছেদ, দেশের জুলাই আন্দোলনের পরের অস্থিরতা- এই দুই ঘটনাই আমাকে গভীর বিষণ্নতায় ডুবিয়ে দিয়েছিল। হ্যাঁ, সেটা ছিল আমার অসুস্থতা, কিন্তু এই দুইটা ঘটনা সেটাকে ভয়ংকরভাবে বাড়িয়ে দিল।’

বাঁধন বলেন, ‘ওই সময় ১৭ কেজি ওজন বেড়ে গেল। আর ভাবলাম-এটাই বোধহয় শেষ। জীবন এখানেই থেমে গেল। নিজের শরীরের ভেতরেই আমি বন্দি হয়ে গিয়েছিলাম। শরীর ব্যথা করত, হাঁটুতে যন্ত্রণা, পিঠে টান, আর মনে ঘন কুয়াশার মতো একটানা দুঃখের মেঘ। অনেক দিন শুধু ছাদের দিকে তাকিয়ে থাকতাম ঘণ্টার পর ঘণ্টা।’

তিনি লেখেন, ‘কিন্তু না, পৃথিবী শেষ হয়ে যায়নি। আমি বেঁচে গেছি। আমি সবসময়ই বেঁচে যাই। তারপর একদিন একটা ফোন এলো-একজন পরিচালকের কাছ থেকে, যার সঙ্গে কাজ করার স্বপ্ন আমি অনেকদিন ধরে দেখতাম। সেই ফোন কলটাই বদলে দিল সবকিছু। আবার জেগে উঠল আমার ভেতরের আগুন, উদ্যম, বাঁচার ইচ্ছা।’

তিনি এরপর লেখেন, ‘এখন আমি প্রতিদিন ব্যায়াম করি। আবার নিজেকে জীবিত মনে হয়। আর সত্যি বলছি—জীবনের সবচেয়ে সুন্দর সময় এখনই কাটাচ্ছি। কারণ আমরা মানুষ, সুপারহিরো নই। আমরা ভাঙি, হোঁচট খাই, কষ্ট পাই, হারাই, আবার জোড়া লাগি, উঠি আর বেঁচে থাকি। তাই আমার জন্য শুভকামনা রাখো। কারণ, আমার চল্লিশের দশকটাই এখন পর্যন্ত জীবনের সবচেয়ে দারুণ অধ্যায় হয়ে উঠেছে।’

সবশেষে বাঁধন লেখেন, ‘আমি এখন আরো পরিণত, শান্ত, সংযত। আর সবচেয়ে বড় কথা-আমি নিজেকে গভীরভাবে ভালোবাসি।’

বছর কয়েক আগে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে প্রত্যাবর্তন ঘটে বাঁধনের। কান চলচ্চিত্র উৎসবে ছবিটি দেশের হয়ে ইতিহাস তৈরি করে। মূলত এই ছবির পরেই বদলে যায় বাঁধনের ক্যারিয়ার গ্রাফ। পরে কাজ করেছেন সৃজিত মুখার্জী পরিচালিত আলোচিত ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র কেন্দ্রীয় চরিত্রে, সেই সঙ্গে বলিউড নির্মাতা বিশাল ভরদ্বাজের নেটফ্লিক্স মুভি ‘খুফিয়া’তেও বাঁধনের ‘অক্টোপাস’ চরিত্রটি সবার নজর কেড়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading