উপহারের ‘নৌকা’ নিয়ে বিপাকে উপদেষ্টা, কী করবেন জানতে চাইলেন ফেসবুক পোস্টে
উত্তরদক্ষিণ। রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, আপডেট ১২:৩০
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে নৌকা উপহার দিয়েছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি। গতকাল শনিবার (১ নভেম্বর) আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে দেওয়া এ উপহার নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
যদিও পরদিন রবিবার এক ফেসবুক পোস্টে বিষয়টি খোলাসা করেছেন উপদেষ্টা নিজেই। একই সঙ্গে এ উপহার নিয়ে কী করবেন, তা জানতে চেয়েছেন নেটিজেনদের কাছে।
তিনি লিখেছেন, গত সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে, প্রধান অতিথি হিসাবে যোগ দিই। অনুষ্ঠানে আমাকে পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝিসহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্য বশত: আমি তা গ্রহণ করি। উপহারটিতে দূতাবাসের নাম লিখিত আছে। লক্ষ্য করুন, এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোন মিল নাই।
নেটিজেনদের পরামর্শ চেয়ে তিনি আরও লেখেন, এখন আমি এটি আলজেরিয় দূতাবাসে ফেরত পাঠাতে পারি। এটা অসৌজন্যমূলক ও হীনমন্যতা প্রসূত হবে; সরকারি তোশাখানায় জমা দিতে পারি। যদিও এটা খুব মূল্যবান কিছু নয়; শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি; অথবা নিজে রেখে দিতে পারি। পাঠকের পরামর্শ পেলে উপকৃত হব।
ইউডি/রেজা

