বিএনপির ভেতরে–ভেতরে ফ্যাসিস্ট হওয়ার খায়েশ আছে: তাহের

বিএনপির ভেতরে–ভেতরে ফ্যাসিস্ট হওয়ার খায়েশ আছে: তাহের

উত্তরদক্ষিণ। রবিবার (২ নভেম্বর) ২০২৫, আপডেট ২৩:২০

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘বিএনপি ভেতরে–ভেতরে আবার ফ্যাসিস্ট হওয়ার একটা খায়েশ আছে মনে হচ্ছে। যে কারণে ফ্যাসিজমের যে রাস্তা, আমরা সংস্কারে বন্ধ করতে চেয়েছিলাম, এগুলো ওনারা বন্ধ করতে দিচ্ছে না।’

রবিবার (২ নভেম্বর) বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন। ‘২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

সেমিনারে মোহাম্মদ তাহের বলেন, সংস্কার প্রস্তাবে ছিল, প্রধানমন্ত্রী ও দলের প্রধান একজন হতে পারবেন না। সেখানে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। প্রস্তাবে ছিল, কোনো ব্যক্তি একাধারে তাঁর জীবদ্দশায় ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এগুলো যদি সংশোধন হয়, তাহলে স্বৈরাচারী চরিত্র ও স্বৈরাচার হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগ থাকে না। এটার বিরোধিতা করা মানে তাদের আবারও স্বৈরাচার হওয়ার একটা চিন্তাভাবনা মাথায় আছে।

নতুন করে যারা ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে, তাদের পরিণতিও বিগত ফ্যাসিবাদী সরকারের চেয়ে ভালো হবে না বলে হুঁশিয়ার করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, পুরোনো ফ্যাসিস্ট যদি আবার আসতে চায়, আবার লড়াই করে তাদের পরাজিত করা হবে।

কোনো রাজনৈতিক দলকে খুশি করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় মন্তব্য করে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সমঝোতা করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করলে পুরো প্রক্রিয়া অনিশ্চয়তা ও ধোঁয়াশার মধ্যে পড়বে এবং জাতি অন্ধকারের দিকে চলে যাবে।

প্রধান উপদেষ্টার উদ্দেশে জামায়াতের এই নেতা বলেন, ‘কারও চাপে আপনি মাথা নত করবেন না। কারণ, চাপে যদি আপনি হেরে যান, মহাবিপদ।’ তিনি বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি ছিল সংস্কার, বিচার ও নির্বাচন। প্রথম দুটি করলেই তৃতীয়টি আসবে।

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দলটির ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি আবদুল মান্নান। আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading