নরসিংদীতে খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, আপডেট ১৭:৫৫
নরসিংদীতে খেয়াঘাটে অতিরিক্ত ভাড়ার টাকা আদায় করার জেরে দুপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সদর উপজেলার মাধবদী থানার চরাঞ্চল চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে সোমবার (৩ নভেম্বর) একই বিরোধ নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, চরদীঘলদী ইউনিয়নের জিরতরামপুরে খেয়াঘাটে অতিরিক্ত ভাড়ার টাকা আদায় করা নিয়ে স্থানীয় শহিদ মেম্বার ও চাঁন মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার দুপক্ষ সংঘর্ষে জড়ানোর পর খেয়াঘাট বন্ধ হয়ে যায়।
পরে মঙ্গলবার সকালে ফের টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। এতে দুজন টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ইউডি/রেজা

