শেরপুর সীমান্তে ইন্ডিয়ান সানগ্লাস ও জিরা জব্দ
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, আপডেট ১৪:৩০
শেরপুরের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ লাখ টাকার ইন্ডিয়ান সানগ্লাস ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান (পিপিএম) এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকা ও ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ইন্ডিয়ান সানগ্লাস ও জিরা পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বিজিবির টহল দল পৃথক দু’টি অভিযান পরিচালনা করে।
অভিযানে বিজিবি চার হাজার ১৪০ পিস ইন্ডিয়ান সানগ্লাস এবং ২৭০ কেজি ইন্ডিয়ান জিরা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৬৬ হাজার টাকা।
এ বিষয়ে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান (পিপিএম) বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। পাশাপাশি সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে।
ইউডি/রেজা

