ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, ধাওয়া করে ২ জনকে আটক
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, আপডেট ১৬:১০
রাজধানীর ফার্মগেট এলাকায় প্রধান সড়কে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় মোটরসাইকেল ধাওয়া করে দুজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফার্মগেট ওভারব্রিজের নিচে সড়কে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
পুলিশ বলছে, ককটেল মেরে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে জনতার হাতে দুজন আটক হয়েছে। তাদের তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাদের হস্তান্তর করা হয়।
এ সময় মোটরসাইকেল চালকের ব্যাগ তল্লাশি করে বোমা তৈরির বিস্ফোরক, কয়েকটি খালি কৌটা ও স্কচটেপ উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেল চালক ও আরোহীকে আটক করে তেজগাঁও থানায় নেওয়া হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে জনতা হাতেনাতে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আজকে (শুক্রবার) আদালতে পাঠিয়েছি।‘
ইউডি/রেজা

