মঞ্জুরুল ও জ্যোতিকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য আরেক নারী ক্রিকেটারের

মঞ্জুরুল ও জ্যোতিকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য আরেক নারী ক্রিকেটারের

উত্তরদক্ষিণ। শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, আপডেট ১১:৩৫

মঞ্জুরুল ও জ্যোতিকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য আরেক নারী ক্রিকেটারের
বাংলাদেশ নারী ক্রিকেটে এখন চলছে অস্থিরতা। জাতীয় দলের পেসার জাহানারা আলম সম্প্রতি অভিযোগ করেছেন, টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম ও প্রয়াত সাবেক ইনচার্জ তাওহীদ মাহমুদ তাকে যৌন হয়রানি করেছেন। এই অভিযোগে সরগরম পুরো ক্রীড়াঙ্গন।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। তিনি বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন।

রুমানার দাবি, জ্যোতি অধিনায়ক হওয়ার পর থেকেই তাকে দল থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেন, “ও (জ্যোতি) ক্যাপ্টেন হওয়ার পর থেকেই আমাকে টিম থেকে বের করার জন্য চেষ্টা করেছে, এবং সফলও হয়েছে। ম্যানেজমেন্ট বলে আমি পারফর্মার, কিন্তু তারা বলে আমি আনফিট। একজন আনফিট খেলোয়াড় কখনও পারফর্মার হতে পারে না।”

রুমানা আরও বলেন, জাহানারার অভিযোগ এতদিন ধামাচাপা পড়ে ছিল, সেটি জানলে তিনি আগে থেকেই বিষয়টি প্রকাশ করতেন। মঞ্জুরুল ইসলামের চরিত্র নিয়েও প্রশ্ন তোলেন তিনি। “বিষয়টা এতদিন লুকানো ছিল, এটা কষ্ট দিয়েছে। আমি আগেও বলেছি, উনি (মঞ্জুরুল) এই ধরনের মানুষ। তবে আমি ঘটনাগুলো নিজে দেখিনি। কিন্তু একটা মেয়ের বোঝার কথা, কখন তাকে ‘গুড টাচ’ বা ‘ব্যাড টাচ’ করা হয়।”

এছাড়া রুমানা অভিযোগ করেন, জ্যোতি নিজের পছন্দের খেলোয়াড়দের নিয়ে দল গঠন করেন। “ও (জ্যোতি) সব সময় তাদের নিয়েই টিম করে, যারা ওর কথা শোনে। অনেকেই টিমে জায়গা পেতে ওর খেদমত করে। আমরা নিজের চোখে দেখেছি— কেউ ব্যাগ টানছে, কেউ ছোটখাটো কাজ করছে, শুধু দলে থাকার জন্য।”

জাহানারার অভিযোগে যেখানে নারী ক্রিকেটে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে, সেখানে রুমানার এই বক্তব্যে আরও তোলপাড় শুরু হয়েছে দেশের ক্রীড়াঙ্গনে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading