টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৭টি তুলার গুদাম

টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৭টি তুলার গুদাম

উত্তরদক্ষিণ। শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, আপডেট ১৪:১০

গাজীপুরের টঙ্গীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত সাতটি তুলার গুদাম।

শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানার মিলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে প্রথমে আব্দুল মান্নান মিয়ার তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বাবুল মিয়া, আব্দুস সাত্তার চৌধুরী, শহীদুল ইসলাম, শাহীন, সাত্তার চৌধুরী এবং জহিরুল ইসলামের মালিকানাধীন গুদামগুলোতে। আগুনের তীব্রতায় আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।’

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তুলা দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিটি গুদামে লাখ লাখ টাকার তুলা মজুত ছিল। অগ্নিকাণ্ডে সব পুড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading