নিবন্ধনের জন্য চার সপ্তাহ সময় পাবেন প্রবাসী ভোটাররা
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, আপডেট ১৩:০০
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের নির্বিঘ্নে ভোট দেয়ার জন্য বিশেষ এক অ্যাপের ব্যবস্থা করতে যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসীরা এই অ্যাপে নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন বলে জানিয়েছে ইসি।
অ্যাপটির নাম ‘পোস্টাল ভোট বিডি’। আগামী ১৮ নভেম্বর অ্যাপটি চালু করা হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।
অ্যাপ চালুর পর প্রবাসীদের স্থান অনুযায়ী সময় বেধে দেবে দেবে ইসি। চার সপ্তাহ সময় পাবেন প্রবাসীরা নিবন্ধনের জন্য।
বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।
পোস্টাল ব্যালটের মাধ্যমে শুধু প্রবাসী নন, নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী এবং কারাবন্দিরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। নিবন্ধনের জন্য প্রত্যেককে নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করতে হবে।
এই পদ্ধতিতে ভোট ব্যবস্থাপনার জন্য নির্বাচন কমিশন ৩৫০ কোটি টাকার বাজেট রেখেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

