হুমকির ১০ দিনের মাথায় বিচারকের ছেলেকে হত্যা, স্ত্রীকে কুপিয়ে জখম
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ২০২৫, আপডেট ২০:৫০
রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের পরিবারের লোকজনকে ১০ দিন আগে হত্যার হুমকি দিয়েছিল লিমন মিয়া (৩৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় গত ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় লিমন মিয়ার বিরুদ্ধে জিডি করেছিলেন বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসী। জিডি করার সাত দিনের মাথায় বিচারকের ভাড়া বাসায় ঢুকে ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৫) কুপিয়ে হত্যা করেছে লিমন। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীকে (৪৪) কুপিয়ে জখম করা হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা আড়াইটার দিকে নগরের ডাবতলা এলাকায় বিচারকের নিজ বাসায় এ ঘটনা ঘটে। আহত তাসমিন নাহারকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত লিমন মিয়াকে আটক করেছে পুলিশ। জিডি করার সূত্রে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।
খবর পেয়ে বিকালে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে তিনি সাংবাদিকদের বলেন, ‘আটক লিমনের পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সে চালক। তার সঙ্গে পূর্ববিরোধ থাকতে পারে বিচারকের পরিবারের। এ নিয়ে সিলেটের জালালাবাদ থানায় লিমনের বিরুদ্ধে জিডি করেছিলেন বিচারকের স্ত্রী। সেটির যোগসূত্র থাকতে পারে। তবে তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’
আটক লিমন মিয়ার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মদনেরপাড়া গ্রামে। আহত হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউডি/এবি

