গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা গণআকাঙ্খার প্রতিফলন: ডা. জাহিদ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ২০২৫, আপডেট ২২:০০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হচ্ছে। এ ঘোষণাকে আমরা অভিনন্দন জানাই। এতে গণআকাঙ্খার প্রতিফলন হয়েছে। অর্থের সাশ্রয় হবে।’ এটিকে নিয়ে যারা পানি ঘোলা করার চেষ্টা করছেন, তারা কি সঠিক কাজটি করছেন এমন প্রশ্নও রাখেন তিনি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ উপলক্ষ্যে সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আপনারা তো প্রস্তাবই দেননি এতদিন। এখন আপনারা শুরু করেছেন পিআর চাই, উচ্চ কক্ষে এটা চাই, ওটা চাই। আপনাদের কোনো প্রস্তাবনাই দেশের মানুষের কাছে ছিল না। এখন আপনারা এ সমস্ত প্রস্তাব দিয়ে কি করতে চান?’
তিনি বলেন, মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারছে না, আর সেই গণতন্ত্রকে আপনারা পিছিয়ে দিতে চান। আর গণতান্ত্রিক কোনো সরকার যদি না থাকে, সেই সরকারের দায়বদ্ধতা, দেশ পরিচালনার সক্ষমতা থাকে না। যেটি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। এই সরকার সত্যিকার অর্থে জনগণের আশা-আকাঙ্খাকে ধারণ করতে না পারার কারণে অনেক ক্ষেত্রে, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না। আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও আশানুরূপ উন্নতি হচ্ছে না। কারণ জনগণের দ্বারা নির্বাচিত সরকার দায়িত্ব নিয়ে যে কাজটি করবে সেটি একটি অনির্বাচিত সরকার কখনও করতে পারে না। এই অবস্থাতে তারা গণতন্ত্রকে আরও পিছিয়ে দিতে চায়, এটার কারণ কি?
ডা. জাহিদ বলেন, ‘জনগণের কাছে আপনারাও যান। জনগণের আস্থা রাখেন। আপনারা কয়েকজন বসে এটা মানি না, করতে দেব না, হতে দেব না এমন বলা- এটা হলো কর্তৃত্ববাদী মানসিকতার বর্হিপ্রকাশ।’
তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান বা বিভিন্ন জাতিকে ভাগ করলে চলবে না। এটি জিয়াউর রহমান বুঝতে পেরেছিলেন।
এই বাংলাদেশ ৭৪ এর দুর্ভিক্ষ দেখেছে, এই বাংলাদেশ ৭৯ সালে সর্বপ্রথম চাল রপ্তানি করেছে। নেতৃত্ব সঠিক থাকলে কতদূর এগিয়ে যেতে পারে তার প্রমাণ দেখেছে শহীদ জিয়ার নেতৃত্ব। কৃষির আধুনিকায়ন শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কৃষি অর্থনীতির পেছনে জিয়াউর রহমান, রেমিট্যান্সের পেছনে জিয়াউর রহমান, গার্মেন্টেসের পেছনে জিয়াউর রহমান। বাংলাদেশের অর্থনীতির সবক্ষেত্রেই বিএনপি রয়েছে। খালেদা জিয়ার সময়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, যা বড় পরিবর্তন। মানুষের ভোটাধিকারের ক্ষেত্রে খালেদা জিয়া, শিক্ষার ক্ষেত্রেও তার অবদান রয়েছে।
আওয়ামী লীগের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, নাম বদলের সংস্কৃতি করে কোনো লাভ হয়নি। বিএনপি বলেছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, প্রধানমন্ত্রী দুই সময়ের অতিরিক্ত কেউ হতে পারবে না। ছাত্র-জনতা এবং সারাদেশের মানুষের গণঅভ্যুত্থানের ফলে স্বৈরাচার পালিয়ে গেছে। বিএনপি সব সময় মানুষের আশা-আকাঙ্খাকে ধারণ করে কুশাসনের ধারা থেকে সুশাসনের ধারায় এগোচ্ছে।
ইউডি/এবি

