জুলাই সনদ বাস্তবায়ন আদেশে ‘অনেক অস্পষ্টতা’ রয়েছে: এনসিপি

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে ‘অনেক অস্পষ্টতা’ রয়েছে: এনসিপি

উত্তরদক্ষিণ। শুক্রবার (১৪ নভেম্বর) ২০২৫, আপডেট ২২:৫০

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে ‘অনেক অস্পষ্টতা’ খুঁজে পেয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি হওয়ার একদিন পর শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অনেকগুলো বিষয়ে অস্পষ্টতা লক্ষ্য করেছি।

“এর ফলে জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে কিনা, তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে।”

বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই আদেশ জারি করেন, সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই একসঙ্গে গণভোট আয়োজনের কথা বলা হয়েছে।

সনদ বাস্তবায়ন আদেশে একই সঙ্গে গণভোটে কী প্রশ্ন থাকছে তাও তুলে ধরা হয়। একটি প্রশ্নে চারটি দফা রাখা হয়েছে। এই প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে হবে।

এই আদেশের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলন ডাকে এনসিপি।

আদেশে বিভিন্ন বিষয়ে ‘অস্পষ্টতা’ থাকার ব্যাখ্যা দিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “তত্ত্বাবধায়ক সরকার গঠন সংক্রান্ত আলোচনায় বেশ কিছু অস্পষ্টতা রয়ে গেছে। সাংবিধানিক প্রতিষ্ঠান কোনগুলো তা নিয়েও অস্পষ্টতা রয়েছে।

“যেমন, বর্তমান সংবিধান অনুযায়ী দুদক এখনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো সুনির্দিষ্ট সময়ের মধ্যে যদি পাস করানো না হয়, সে ক্ষেত্রে কী হবে তা আদেশে উল্লেখ করা হয়নি।”

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ‘অস্পষ্টতাগুলো’ অতি দ্রুত স্পষ্ট করতে সরকারের প্রতি জোর দাবি জানান আখতার।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading