বেনাপোল সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, আপডেট ১৫:৩৫
বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে শিশুসহ ১৫ নারী-পুরুষকে বিজিবির কাছে হস্তান্তর করেছেন ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার রাত ১০টার দিকে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়, তারপর ওই ১৫ জনকে হস্তান্তর করে বিএসএফ। ওই ১৫ জনকে বেনাপোল পোর্ট থানা থেকে তাদের পরিবারের কাছে হস্থান্তর করেছে পুলিশ।
বিজিবি সূত্র জানায়, ভালো কাজের আশায় ওই ১৫ জন দালালের মাধ্যমে সাতক্ষীরা ও সুন্দরবন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ইন্ডিয়ায় প্রবেশ করেছিলেন। প্রায় ৪ বছর ধরে তারা কলকাতা অঞ্চলে অবৈধভাবে অবস্থান করছিলেন। পরে ইন্ডিয়ান পুলিশ তাদের আটক করে। শনিবার রাতে রঘুনাথপুর বিওপি এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজিবির রঘুনাথপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমানের কাছে ১৫ জন বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন পেট্রাপোল বিএসএফের ক্যাম্প কমান্ডার এসি প্রবীন চান্দ। এরপর বিজিবি তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন।
ফেরত আসা ১৫ জন হলেন- আব্দুল হান্নান (৬০), হোসেন আলী (২৫), আকলিমা খাতুন (৫২), শাহানারা খাতুন (১৫), হাফিজুর রহমান (৩১), রেশমা খাতুন (২৮), আজমিরা (৫), বাবলুর রহমান (৪২), তাহামিনা বেগম (৩৭), জান্নাতুল বুশরা (৪), তাইজুল ইসলাম (৪৩), নাসিমা খাতুন (৪১), শেফালী খাতুন (৩৬), আমিনুর রহমান (৫৬) ও আব্দুল্লাহ আল মামুন (২৯)। তাদের বাড়ি সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন এলাকায়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন সাহা বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ শিশুসহ ১৫ নারী, পুরুষকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। বিজিবি সদস্যরা ফেরত আসাদের থানায় হস্তান্তর করলে জিডিমূলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইউডি/রেজা

