চলন্ত গাড়ি থেকে কারওয়ান বাজারে ২ ককটেল নিক্ষেপ
উত্তরদক্ষিণ। রবিবার (১৬ নভেম্বর) ২০২৫, আপডেট ২২:৩০
রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা নেই বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার পাশে চলন্ত গাড়ি থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে ওই গাড়িটি কলাবাগানের দিকে চলে যায়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান গণমাধ্যমকে বলেন, দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে সোমবার। রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। ওই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে।
ইউডি/এবি

