নারী কাবাডি বিশ্বকাপ শুরু
উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, আপডেট ১১:৩৫
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ১১ দলের অধিনায়কের উপস্থিতিতে উন্মোচিত হয়েছে নারী বিশ্বকাপ কাবাডির ট্রফি। রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ট্রফি উন্মোচন করেন। সব আনুষ্ঠানিকতা শেষে আজ শুরু কোর্টের লড়াই।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার উদ্বোধনী ম্যাচে বিকেল ৩টায় উগান্ডার মুখোমুখি হবে বাংলাদেশ। ১১ দেশের এ নারী বিশ্বকাপ শেষ হবে ২৪ নভেম্বর।
নারী বিশ্বকাপ কাবাডির প্রথম আসর হয়েছিল ২০১২ সালে ইন্ডিয়ার পাটনায়। সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়া। বর্তমান চ্যাম্পিয়ন ইন্ডিয়ার গ্রুপে আছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাকি তিন দল হলো উগান্ডা, থাইল্যান্ড ও জার্মানি। ‘বি’ গ্রুপের দলগুলো হলো ইরান, নেপাল, চাইনিজ তাইপে, পোল্যান্ড, কেনিয়া ও আফ্রিকার আধা স্বায়ত্বশাসিত দ্বীপ জাঞ্জিবার।
নারী কাবাডিতে বাংলাদেশের পথচলা শুরু হয়েছিল ২০০০ সালের পর। ২০০৫ সালে ইন্ডিয়ায় এশিয়ান চ্যাম্পিয়নশিপ দিয়ে প্রথমবার কোনো প্রতিযোগিতায় খেলেছিল লাল-সবুজের মেয়েরা। এশিয়ান গেমসে ২০১০ ও ২০১৪ সালে ব্রোঞ্জ জিতেছিল তারা। সাউথ এশিয়ান গেমসে ২০১০ সালে জিতেছিল রৌপ্য। আর ২০১২ সালে কাবাডি বিশ্বকাপে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ উগান্ডা অবশ্য গত আসরে খেলেনি। ‘দ্য শি গ্ল্যাডিয়েটর্স’ নামে পরিচিত উগান্ডা দল আফ্রিকান চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী।
ইউডি/রেজা

