রায়ে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য বিচার নিশ্চিত হবে, আশা ফখরুলের
উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, আপডেট ১২:০৫
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য বিচার নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট এই আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা করার কথা রয়েছে।
মির্জা ফখরুল লিখেছেন, ‘ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে। আমি আশা করব, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে!’
তিনি আরও বলেন, ‘মুগ্ধ, ওয়াসিম, আবু সাইদ আরও অনেকে অপেক্ষায় আছে! অপেক্ষায় আছে আগামীর বাংলাদেশ।’
গত বছরের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে বাধ্য হয়ে ইন্ডিয়ায় চলে যান শেখ হাসিনা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও ইন্ডিয়ায় আছেন বলে ধারণা করা হয়। তাদের পলাতক দেখিয়ে এ মামলার বিচারকাজ চলে। এ মামলায় অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অপরাধের দায় স্বীকার করে ‘রাজসাক্ষী’ হিসেবে জবানবন্দি দিয়েছেন।
গত ২৩ অক্টোবর উভয় পক্ষের শুনানি, যুক্তিতর্ক উপস্থাপনের পর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মামলাটির বিচারকার্য শেষ হয়। সেদিন রায়ের তারিখ ঘোষণার জন্য ১৩ নভেম্বর নির্ধারণ করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রায় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। রাজধানীর বিভিন্ন এলাকায় বড় পর্দায় দেখানো হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং তাদের মাধ্যমে দেশি ও বিদেশি গণমাধ্যম রায় সরাসরি সম্প্রচার করতে পারবে।
ইউডি/রেজা

