নির্বাচন ফেব্রুয়ারির শুরুতেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন ফেব্রুয়ারির শুরুতেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, আপডেট ১৬:৩২

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতেই অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের যে তারিখই নির্ধারণ করুক, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে।’

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ সাক্ষাৎ করতে এলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান।

নির্বাচনের তারিখ ও সময় এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রদূত জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আশা করি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে এর নির্দিষ্ট দিন ও তারিখ নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের।’

জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে শেখ হাসিনার রায় পরবর্তী জনপ্রতিক্রিয়া, জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ ও এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি, বন্দি প্রত্যর্পণ, সাইবার ক্রাইম ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ দু’দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘জার্মানি ও বাংলাদেশ পরস্পর পরীক্ষিত বন্ধু।’ অদূর ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে মর্মে তিনি এ সময় আশাবাদ ব্যক্ত করেন।

শেখ হাসিনার রায় পরবর্তী পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূত জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ছোটখাটো দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিস্থিতি শান্ত রয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে চাইলে কঠোর হাতে দমন করা হবে।’

অপরাধের মাত্রা সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘অপরাধ বাড়ছে না। এটা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে।’ তিনি বলেন, ‘মানুষ এখন স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছে। যা বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে করতে পারেনি।’

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) খন্দকার মো. মাহাবুবুর রহমান, জার্মান দূতাবাসের ডেপুটি হেড অভ মিশন আঞ্জা ক্রেস্টেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading