প্রচারণায় তারেক রহমানের ছবিতে ঘোর আপত্তি এনসিপির

প্রচারণায় তারেক রহমানের ছবিতে ঘোর আপত্তি এনসিপির

উত্তরদক্ষিণ। বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, আপডেট ১৯:৩৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার-প্রচারণায় বিএনপির প্রার্থীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও পোস্টার ব্যবহার করছেন। এ নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে মতবিনিময়কালে এ আপত্তি জানান দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

তিনি বলেন, বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া। ওনার ছবি প্রার্থীরা ব্যবহার করলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু দেখা যাচ্ছে প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করছেন। এটাতে আমরা আপত্তি জানিয়েছি। ইসি এটাকে কীভাবে নিয়ন্ত্রণ করে সেটাই দেখার বিষয়।

জহিরুল ইসলাম মুসা বলেন, আমরা স্পষ্ট করে একটি বিধিমালা দেখিয়েছে যে, দল থেকে কোনো প্রার্থী মনোনীত হওয়ার পর তার নিজের ছবি, প্রতীকের ছবি ও দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করতে পারবে না। কিন্তু আমরা ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছি। ইসিকে বলেছি, আপনারা বিএনপির ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবেন কি না।

নির্বাচনের আগে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের ভোটার করতে হবে উল্লেখ করে তিনি বলেন, তরুণ-জেনজিদের ভোটের আওতায় আনতে হবে। বড় একটা সংখ্যক জেনজি যারা আন্দোলন করেছিলেন তাদের ভোট দেয়ার সুযোগ দিতে হবে।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এবারের নির্বাচনে স্ব স্ব জামা (প্রতীক) গায়ে দিতে হবে। অন্যদলের জামা গায়ে দেওয়া যাবে না। অনেক দল বলেছে- তারা জোটবদ্ধ হলেও অন্যের প্রতীক ব্যবহার করা যাবে। কিন্তু আমরা বলছি- এখন থেকে নিজের দলের কোট ব্যবহার করতে হবে; অন্যদলের কোট ব্যবহার করা যাবে না। ধার করে কারোর মার্কায় ভোট করা যাবে না। জোটের প্রার্থী হলেও স্ব স্ব প্রতীকে ভোট করতে হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading