অফিসে অশ্লীল ভিডিও দেখায় ব্যস্ত সরকারি কর্মী, ধরা পড়ে বরখাস্ত
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, আপডেট ২১:৩৫
গ্রাহকদের অপেক্ষায় রেখে নিজের মোবাইলে অশ্লীল ভিডিও দেখার অভিযোগ উঠেছে এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটানার একটি ভিডিও ভাইরাল হতেই বরখাস্ত করা হয় অভিযুক্তকে। খবর আনন্দবাজার পত্রিকার।
সম্প্রতি ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার তাল্লারেভু এলাকায় এ ঘটনা ঘটে।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, অফিস চলাকালীন পরিষেবা নিতে আসা গ্রাহকদের দীর্ঘ অপেক্ষায় রেখে ওই ডাক বিভাগের কর্মী নিজের মোবাইলে অশ্লীল ভিডিও দেখতে ব্যস্ত ছিলেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তাল্লারেভু ডাক বিভাগের অফিসের ডেস্কে বসে থাকা ওই কর্মচারী কম্পিউটারের সামনে মনোযোগ না দিয়ে নির্বিঘ্নে তার ব্যক্তিগত মোবাইলে অশ্লীল ভিডিও দেখছেন।
এদিকে, অফিসে প্রয়োজনীয় ডাক পরিষেবা নিতে আসা সাধারণ গ্রাহকরা ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন। কর্মীরা তখন গ্রাহকদের বারবার ‘কম্পিউটার সিস্টেমে প্রযুক্তিগত সমস্যা’ হচ্ছে বলে বিলম্বের কারণ দেখাচ্ছিলেন। কিন্তু পরে জানা যায়, কর্মীর ব্যক্তিগত বিনোদনের ফলেই পরিষেবা বিঘ্নিত হচ্ছিল।
এ ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। অনেকে অভিযোগ করেন, ওই কর্মীর দায়িত্বজ্ঞানহীনতার কারণে তাদের অত্যন্ত প্রয়োজনীয় পরিষেবা পেতে সীমাহীন ভোগান্তির শিকার হতে হয়েছে। সরকারি দফতরে কর্মরত ব্যক্তির এমন আচরণ পেশাদারিত্ব এবং জনসেবার প্রতি তার প্রতিশ্রুতির অভাবকে প্রকট করে তুলেছে।
‘বিগটিভিতেলুগু’র এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি প্রথম পোস্ট হওয়ার পরই বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে এবং দ্রুত তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায়, কাকিনাড়া জেলার তাল্লারেভু ডাক বিভাগের ওই কর্মীকে অবিলম্বে বরখাস্ত করা হয়েছে।
যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ইউডি/রেজা

