সাতক্ষীরায় জামায়াতের শোডাউনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
উত্তরদক্ষিণ। রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, আপডেট ১৫:০৫
সাতক্ষীরায় জামায়াতের মোটরসাইকেল শোডাউনের সময় ধাক্কা লেগে ফজর আলী (৭৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজর আলী (৭৩) বাদামতলা এলাকার কারিগর পাড়ার বাসিন্দা।
নিহতের ভাতিজা শামসুজ্জামান বলেন, “চাচা অসুস্থ ছিলেন। নামাজের জন্য বাড়ি থেকে বের হন। রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, “মোটরসাইকেলে ধাক্কা লেগে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান বৃদ্ধ ফজর আলী। নিহতের পরিবারের কারও অভিযোগ না থাকায় সুরতহাল করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
ইউডি/রেজা

