ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ হিরুর দুর্নীতি অনুসন্ধানে দুদক

ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ হিরুর দুর্নীতি অনুসন্ধানে দুদক

উত্তরদক্ষিণ। রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, আপডেট ১৭:২০

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকি, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়, হিরু বর্তমানে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এনডিই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি গুলশান-১ ডিএনসিসি মার্কেটের সভাপতি এবং প্যারাগন, লন্ডন টাচ, প্যারিস গ্রুপ ও ওয়েস্ট ফিল্ড নামীয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি।

অভিযোগে বলা হয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব ব্যবসার আড়ালে তিনি অবৈধপথে বিপুল সম্পদ গড়ে তুলেছেন। হিরু ও তার স্ত্রী ইসরাত জাহান চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং ট্যাক্স জালিয়াতির মাধ্যমে হাজার কোটি টাকার মালিক হয়েছেন।

অভিযোগের প্রাথমিক মূল্যায়ন শেষে দুদক এ বিষয়ে আনুষ্ঠানিক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য দুই সদস্য নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। টিমের দলনেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন দুদকের সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন। সদস্য হিসেবে রয়েছেন উপসহকারী পরিচালক আবু তালহা।

চলতি বছরের জানুয়ারিতে আসাদুজ্জামান ওরফে হিরুকে গ্রেফতার করে পুলিশ। জুলাই আন্দোলন চলাকালে একটি হত্যার ঘটনায় করা মামলায় তাকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, আসাদুজ্জামান নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ বলে পরিচয় দিতেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading