ক্ষমতায় গেলে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা চালু করবে বিএনপি: আমীর খসরু

ক্ষমতায় গেলে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা চালু করবে বিএনপি: আমীর খসরু

উত্তরদক্ষিণ। রবিবার (২৩ নভেম্বর) ২০২৫, আপডেট ২২:২০

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা চালু করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় আগামীর রাষ্ট্র ভাবনা এবং স্বাস্থ্য ব্যবস্থার প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

ড্যাব নেতাদের উদ্দেশ্যে খসরু বলেন, বিএনপির ৩১ দফায় স্বাস্থ্য খাত নিয়ে যে অঙ্গীকার আছে, তা আপনারা সারা দেশে ছড়িয়ে দিন। প্রত্যেকে ফেসবুকে পোস্ট করুন। সাধারণ মানুষকে আশ্বস্ত করুন, তাদের জানান বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা চালু করবে। এ লক্ষ্যে বিএনপি এখন থেকেই পরিকল্পনামাফিক কাজ শুরু করেছে।

তিনি বলেন, ‘সবার আকাঙ্ক্ষা আকাশচুম্বী। ডে ওয়ান থেকে পারফর্ম করতে হবে। বিএনপি প্রস্তুতি নিচ্ছে। এক কোটি মানুষকে চাকরি কীভাবে দেব, হোমওয়ার্ক করেই বলেছি।’

খসরু বলেন, আগের সেই রাজনৈতিক ধ্যান-ধারণা আর নেই। রাজনীতি বদলেছে, মানুষ বদলেছে। আর তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনৈতিক মন্ত্র এখন ‘নবযুগের সূচনা’। দেশের সার্বিক পরিবর্তনই এখন বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য। আমাদের সহনশীল হতে হবে। গণতন্ত্র থেকে সরে যাওয়ার সুযোগ নেই। দেশকে নিয়ে তারেক রহমানের ভবিষ্যৎ চিন্তা মানুষের কাছে পৌঁছাতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে।

প্রতিপক্ষের সঙ্গে তারেক রহমানের পার্থক্য রয়েছে উল্লেখ করে খসরু বলেন, সাংঘর্ষিক রাজনীতি করতে চান না তিনি (তারেক)। আজ অনেকে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামছে। বিএনপি কোনো দাবি নিয়ে রাস্তায় নামছে না। বিএনপি সাংঘর্ষিক রাজনীতিতে যাচ্ছে না। কারণ, বিএনপি সহনশীল রাজনীতির পক্ষে। আমাদের স্থিতিশীলতার স্বার্থে সহনশীল রাজনীতি করতে হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading