রিহ্যাব পেশাজীবী অন্তর্ভুক্তিতে অগ্রগতি, সিআরপির আবেদন যাচ্ছে স্বাস্থ্য বিভাগে

রিহ্যাব পেশাজীবী অন্তর্ভুক্তিতে অগ্রগতি, সিআরপির আবেদন যাচ্ছে স্বাস্থ্য বিভাগে

উত্তরদক্ষিণ। রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, আপডেট ১৭:০০

রিহ্যাব পেশাজীবীদের (ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ ও ল্যাংগুয়েজ থেরাপি, প্রস্থেটিক্স–অর্থোটিক্স) স্বাস্থ্যখাতে অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করছে সরকার। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এসব পেশাজীবীকে স্বাস্থ্যখাতে অন্তর্ভুক্তির লক্ষ্যে সিআরপির আবেদন স্বাস্থ্য সেবা বিভাগে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। কার্যবিবরণীতে এ তথ্য উঠে এসেছে।

সম্প্রতি সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সবার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

সভায় স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন। সভায় জানানো হয়, রিহ্যাব পেশাজীবীদের স্বাস্থ্যখাতে অন্তর্ভুক্তিতে সিআরপির আবেদন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পর্যালোচনার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সভায় আরও উল্লেখ করা হয়, রিহ্যাবিলিটেশন পেশাজীবীদের শিক্ষা, নিবন্ধন ও সেবার মান নিশ্চিত করতে ‘বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮’ ও ২০২৫ সালের বিধিমালা ইতোমধ্যেই কার্যকর রয়েছে। ৩৩ সদস্যবিশিষ্ট এ কাউন্সিলের নেতৃত্বে রয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, যার অধিকাংশ সদস্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি।

বৈঠকে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ) প্রতিনিধি জানান, স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদনে রিহ্যাব পেশাজীবীদের বিষয়টি অন্তর্ভুক্ত না হওয়ায় রোগীরা প্রয়োজনীয় পুনর্বাসন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এর জবাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রতিনিধি বলেন, সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে নতুন কোনো বিষয় যুক্ত করার সুযোগ নেই। তবে সিআরপির আবেদনটি স্বাস্থ্য সেবা বিভাগে পাঠালে প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে যেতে পারে।

সিআরপি প্রতিনিধি সভায় বলেন, পক্ষাঘাতগ্রস্ত রোগীদের পুনর্বাসনে প্রশিক্ষিত রিহ্যাব পেশাজীবীদের ভূমিকা অপরিহার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশ হেলথ প্রফেশনালস ইনস্টিটিউট (বিএইচপিআই) থেকে পাঁচ বছর মেয়াদি ডিগ্রি অর্জনকারীদের রেজিস্ট্রেশন দিতে হলে রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইনের তফসিলে সংশ্লিষ্ট ডিগ্রিগুলো অন্তর্ভুক্ত করা জরুরি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি এ প্রসঙ্গে জানান, সিআরপি যুক্তিসংগত ব্যাখ্যা দিয়ে কাউন্সিলে আবেদন করলে তফসিলভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে। তফসিলে অন্তর্ভুক্তি হলে সংশ্লিষ্ট পদের সৃজনের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবে।

সভায় সিদ্ধান্ত

রিহ্যাব পেশাজীবীদের স্বাস্থ্যখাতে অন্তর্ভুক্তি বিষয়ে সিআরপির আবেদন স্বাস্থ্য সেবা বিভাগে পাঠানো হবে।

প্রস্থেটিক্স–অর্থোটিক্স পেশাজীবীদের রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইনের তফসিলে অন্তর্ভুক্তির উদ্যোগ নিতে পারবে সিআরপি; অন্তর্ভুক্তির পর কাউন্সিল রেজিস্ট্রেশন দিবে।

সংশ্লিষ্ট পেশাগুলো তফসিলে যুক্ত হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পদ সৃজনের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবে।

সভা শেষে সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন অনুযায়ী রিহ্যাব পেশাজীবীদের বিষয়টি মানবিক গুরুত্বসহকারে বিবেচনা করা প্রয়োজন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading