পোস্টাল ভোট: সৌদি আরব, মালয়েশিয়াসহ স্থগিত সাত দেশে নিবন্ধন শুরু

পোস্টাল ভোট: সৌদি আরব, মালয়েশিয়াসহ স্থগিত সাত দেশে নিবন্ধন শুরু

উত্তরদক্ষিণ। রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, আপডেট ১৮:৪০

সৌদি আরব, মালয়েশিয়াসহ কার্যক্রম স্থগিত হওয়া সাত দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৩০ নভেম্বর) বিকেল সোয়া ৩টায় এ কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান।

তিনি জানান, নিবন্ধন পোর্টালে পূর্ণাঙ্গ ঠিকানা না দেয়ায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম বৃহস্পতিবার সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

সালীম আহমাদ খান বলেন, ‘ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে হলে প্রবাসীদের স্ব স্ব দেশের সঠিক ঠিকানা প্রদান করতে হবে। প্রয়োজনে বন্ধু-আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোনো প্রতিষ্ঠান বা ভবনের ঠিকানা ব্যবহার করা যাবে।’

প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তির জন্য গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়।

এরপর ধারাবাহিকভাবে বৈশ্বিক অঞ্চলভিত্তিক নিবন্ধন শুরু হয়, যা বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে সারা যাচ্ছে যেকোনো দেশ থেকেই। আগামী ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে।

রবিবার বিকেল পর্যন্ত প্রায় ৯৪ হাজার প্রবাসী ভোটার নিবন্ধন সেরেছেন। নিবন্ধিতদের মধ্যে ৭৯ হাজারই পুরুষ। আর একক দেশ হিসেবে সর্বোচ্চ সাড়ে ১৭ হাজার নিবন্ধন করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। এরপরে যথাক্রমে রয়েছে দক্ষিণ কোরিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও জাপান।

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১৯,২২২ জন নিবন্ধনকারীর বাড়ি ঢাকায়। কুমিল্লার নিবন্ধনকারী ৭,১৭২ জন, সিলেটের ৬,৭৮০ জন, নোয়াখালীর ৫,৬২২ জন এবং চট্টগ্রামের ৫,৩৫৩ জন নিবন্ধনকারী রয়েছে। তবে কম-বেশি দেশের ৬৪ জেলার প্রবাসীরাই নিবন্ধনে সাড়া দিয়েছেন।

আসনওয়ারি হিসাবে সবচেয়ে বেশি ২৪৭০ জন নিবন্ধনকারীর নির্বাচনী এলাকা সিলেট-১। এরপরে রয়েছে ঢাকা-১৮ আসন, সেখানকার ১৯৩১ জন ইতোমধ্যে নিবন্ধন সেরেছেন। নোয়াখালী-১ আসনে ১৯০৫ জন, সিলেট-৬ আসনে ১,৭৫৫ জন, ঢাকা-১০ আসনে ১,৬৪২ জন এবং ঢাকা-১৩ আসনে ১,৫৭২ জন নিবন্ধন করেছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading